বড়লেখা প্রতিনিধি:

১৮ এপ্রিল, ২০২৩ ২২:৩৩

বড়লেখায় ঈদ উপলক্ষে ওসির দেওয়া নতুন পোশাক পেয়ে খুশি পথশিশুরা

ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে কেউ ফুটপাত-সড়কের পাশ থেকে কুড়ানো প্লাস্টিকের বোতল-কাগজ বিক্রি করে, কেউ চায়ের দোকানে কাজ করে, কেউবা বাদাম বিক্রি করে। রোজগারের এ অর্থ তারা তুলে দেয় বাবা-মায়ের হাতে। তাদের কাছে ঈদের আনন্দ মানে নতুন পোষাক। তবে সুবিধাবঞ্চিত এই পথশিশুরা জানে না আদৌ ঈদে তাদের নতুন পোষাক জুটবে কি না!

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহর ও আশপাশের এমন ৪০ জন বিভিন্ন বয়সী পথশিশুর পাশে দাঁড়িয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার ওসি তার ব্যক্তিগত পক্ষ থেকে শিশুদের নতুন পোষাক কিনে দিয়েছেন। শিশুরা শপিং মলে গিয়ে নিজেদের পছন্দমতো পোষাক কিনে হাসিমুখে বাড়ি ফিরেছি।

এসময় ওসি ছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দাস, উপ পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ ও উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান প্রমুখ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘অন্য থানায় থাকাকালীন আমি অসহায়, সুবিধাবঞ্চিত, ভাসমান পরিবারের পথশিশুদের ঈদে ব্যক্তিগতভাবে পোষাক কিনে দিতাম। বড়লেখায় ঈদ উপলক্ষে পোষাক কিনে দেওয়ার জন্য প্রথমে পথশিশুদের সম্পর্কে খোঁজ নেই। এরপর বিভিন্ন বয়সী ৪০জন শিশুকে এক জায়গায় জড়ো করে মার্কেটে নিয়ে যাই। মার্কেটে গিয়ে তারা (শিশুরা) নিজেদের পছন্দমতো ঈদের পোষাক কিনেছে। এই পথশিশুদের ঈদে নতুন পোষাক কেনার সামর্থ্য নেই। পছন্দমতো নতুন পোষাক পেয়ে দারুণ খুশি তারা।’

আপনার মন্তব্য

আলোচিত