১৯ এপ্রিল, ২০২৩ ১৯:৫৬
মৌলভীবাজারের জুড়ীতে মামলা নিতে ২০ হাজার টাকা দাবির অভিযোগ ওঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন ও উপ পরিদর্শক (এসআই) মহি উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে ওসি-এসআইকে প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার দুপুর ২টা থেকে শ্রমিকরা উপজেলার বীরমুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে সড়ক অবরোধ করে। এসময় তারা জুড়ি থানার ওসি মোশারফ হোসেন ও এসআই মহি উদ্দিনের প্রত্যাহার দাবি করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির আশ্বাসের ভিত্তিতে প্রায় ঘন্টাখানেক পর শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
পরিবহন শ্রমিক নেতা আব্দুস সহিদ, মো. খুরশীদ আলম গাজী, সিরাজুল ইসলাম, তাজ উদ্দিন প্রমুখ অভিযোগ করে বলের, ‘মঙ্গলবার বিকেলে জুড়ীর পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ কাশেমনগরের সহিদুল ইসলাম ও কামরুল ইসলাম নামে দুইজন শ্রমিক সিএনজি চালিত অটোরিকশা নিয়ে জুড়ীর উত্তর জাঙ্গিরাই গ্রামে আসে। সেখানে এক বাড়িতে গাড়ি রেখে তারা হাওরে ধান কাটতে যান। তখন ওই বাড়ির বাচ্চারা সিএনজি চালিত অটোরিকশার বেশ ক্ষতি সাধন করে। চালক ফিরে এসে ঘটনাটি দেখতে পেয়ে ওই বাড়ির লোকজনকে বলেন।
‘এক পর্যায়ে বাড়ির মালিক চালকসহ দুই জনকে মারপিট করে। চালকরা সেখান থেকে ফিরে এসে জুড়ী সিএনজি চালিত অটোরিকশা সমিতিতে ঘটনাটি জানান। এ বিষয়ে শ্রমিকরা মামলা করতে রাতে জুড়ী থানায় যায়।’
‘ওসি মোশারফ হোসেনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি (ওসি) এসআই মহি উদ্দিনের নিকট পাঠান। মহি উদ্দিন ওসির সাথে কথা বলে এসে শ্রমিকদের বলেন, ‘ওসি সাহেব বলেছেন বিশ হাজার টাকা দিলে মামলা রেকর্ড হবে’। পরে আমরা ৫ হাজার টাকা দিয়ে আসি। কিন্তু আজ (বুধবার) ২টা পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং হামলাকারী মর্তুজ আলীকে আটকিয়ে রাখে। এক পর্যায়ে জুড়ী থানার এসআই মহি উদ্দিন সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের হুমকি দিলে বিক্ষুদ্ধ পরিবহন শ্রমিকরা তাকে অবরোধ করে রাখেন।’
খবর পেয়ে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির ঘটনাস্থলে গিয়ে এসআই মহি উদ্দিনকে উদ্ধার করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে সড়ক থেকে অবরোধ তুলে নেন।
জুড়ীর সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক শ্রমিকরা বলেন, ‘ওসি মোশারফের টাকা রোজীর মেশিন হচ্ছে এসআই মহি উদ্দিন। এদেরকে জুড়ী থেকে প্রত্যাহার করতে হবে।’
এবিষয়ে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বলেন, ‘শ্রমিকরা হামলাকারী একজনকে ধরে পুলিশে দিয়েছে। বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।’
অভিযোগ অস্বীকার করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মন্তব্য