২০ এপ্রিল, ২০২৩ ১৮:৩৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিকে যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করে যাচ্ছেন। সারাদেশে অঞ্চলভেদে কৃষকদেরকে ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছেন। এটি সারা বিশ্বের একটি বিরল ঘটনা।’
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে বড়লেখা উপজেলা কৃষি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৮৪ লাখ টাকা মূল্যের ৩টি কম্বাইন্ড হারভেস্টার (ভর্তুকি ৭০ শতাংশ) ও ১০ লাখ টাকা মূল্যের ১০টি পাওয়ার থ্রেসার (ভর্তুকি ৭০ শতাংশ) বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বড়লেখা উপজেলা কার্যালয় এগুলো বাস্তবায়ন করেছে।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে করোনা অতিমারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী নানান দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ফলে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বহুমুখী দুর্যোগের মধ্যেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।’
পরিবেশমন্ত্রী আরও বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনে ও জাপানে গিয়েছিলেন। তখন তিনি চীন ও জাপানে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ দেখে এসেছিলেন। দেশে ফিরে বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদেও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। বঙ্গবন্ধুর সেই পরিকল্পনা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ। বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত বাবলু।
আপনার মন্তব্য