২১ এপ্রিল, ২০২৩ ২১:২৯
সিলেটের জৈন্তাপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টা ও বিকেল ৪টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে- নাঈম আহমদ (৮), আঞ্জুমা বেগম (৬) ও ইমন আহমেদ (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বিসনাটেক গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে৷ এসময় আম কুড়াতে গিয়ে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতে গুরুতর আহত হয়৷ স্থানীয় জনতা দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজারে বেঙ্গল ষ্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতে আহত হয় ইমন আহমেদ (১০) নামের এক শিশু৷ স্থানীয় জনতা ইমনের নিথর দেহ উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে।
বজ্রপাতের ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী শোকাহত পরিবার গুলোকে দেখতে যান এবং ঘটনার খোঁজ খবর নেন৷ পরে তিনি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
আপনার মন্তব্য