২৯ এপ্রিল, ২০২৩ ১৮:৪৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ইশানকোনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর ঈশানকোনা গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সৈয়দ হোসাইন আহমেদের লোকজনের বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে সৈয়দ জামাল (৪৫), সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০), সৈয়দ আমিন মিয়া (৬৫) গুলিবিদ্ধ হন।
রাত ১০টায় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল মিয়া মারা যান। এ ঘটনায় অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উভয় পক্ষ পরস্পরের আত্মীয়। আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। যার জের নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
আপনার মন্তব্য