কুলাউড়া প্রতিনিধি

০২ মে, ২০২৩ ১২:৫০

কুলাউড়ায় বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারীদের হামলা, ফাঁকা গুলি

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্ত এলাকায় চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবি চোরাকারবারিদের লক্ষ্য করে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের লুটাবিল এলাকায়।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে রোববার (৩০ এপ্রিল) রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে একদল চোরাকারবারি আলীনগর সীমান্ত দিয়ে ২৫ বস্তা ভারতীয় নাসির বিড়ি পাচার করে এনে একটি পিকআপভ্যানে বোঝাই করছে । এমন খবর পেয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আলীনগর ক্যাম্পের ৬ সদস্যের টহলদল গিয়ে চোরাকারবারিদের ধাওয়া করে ও গাড়িভর্তি ভারতীয় নাসির বিড়ি জব্দ করে। একপর্যায়ে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় ও বিজিবির কাছ থেকে ২৪ বস্তা বিড়ি নিয়ে যায়।

 এ সময় চোরাকারবারীদের সাথে ধস্তাধস্তিতে হাসিবুল ইসলাম ও  সাখাওয়াত হোসেন নামের বিজিবির দুই সদস্য আহত হন। বিজিবি হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারীরা সটকে পড়ে। পরে তাদের ফেলে যাওয়া ১ বস্তাভর্তি ২৫ হাজারটি বিড়ি ও একটি পিকআপভ্যান (মৌলভীবাজার -ন -১১-০৩৪৩) গাড়িটি জব্দ করা হয়। আহত বিজিবি সদস্যদের রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজিবির আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার খলিলুর রহমান বাদী হয়ে রোববার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, রোববার রাতে বিজিবি আলীনগর ক্যাম্পের সুবেদার খলিলুর রহমান বিষয়টি আমাদের অবগত করেন। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নং ১ দায়ের করা হয়েছে। বিজিবি সদস্যদের জব্দ করা ৫০ হাজার টাকা মূল্যের এক বস্তা নাসির বিড়ি ও একটি গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত