০৮ মে, ২০২৩ ১৮:৪৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। এতে ভোট চুরির শঙ্কা প্রকাশ করেছেন বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। ইভিএমে একজনকে ভোট দিলে আরেকজনের বাক্সে জমা হবে বলেও অভিযোগ করেছেন আরিফ।
তবে ইভিএম নিয়ে এমন ভয় নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
সোমবার দুপুরে ওসমানী বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা বাবুলকে সংবর্ধনা প্রদান করে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল বলেন, চুরি তো ব্যালেটেও হয়। দিনের ভোট রাতে হয়ে যায়। তাই ইভিএম নিয়ে আমার আলাদা কোন ভয় নেই। আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠ ভোটের আয়োজন করবে। কারণ এই পূণ্যভূমিতে চুরি করে কেউ পার পাবে না।
৪ মে সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে জাতীয় পার্টি। শনিবার বাবুলের হাতে দলীয় প্রতীক লাঙ্গল তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরপর সোমবার দুপুরে ঢাকা থেকে সিলেট ফেরেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। পরে মোটর শোভাযাত্রা নিয়ে নগরে শোডাউন করেন বাবুল।
বিমানবন্দরে সংবর্ধনার জবাবে নজরুল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দুইবার করে বিজয়ী করেছেন এই নগরের মানুষ। কিন্তু তারা কাঙ্খিত উন্নয়ন পাননি। তাই এবার তারা পরিবর্তন চান। পরিবর্তনকামী জনগণ এবার জাতীয় পার্টিকেই বেছে নেবে।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাতীয় পার্টির পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটেরই তার প্রমাণ পাওয়া যাবে।
এদিকে সোমবার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
মেয়র পদে মনোনয়ন কেনা পাঁচজন হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (আওয়ামী লীগ), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (ইসলামী আন্দোলন), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র) ও সামছুন নুর তালুকদার (স্বতন্ত্র)। আর কাউন্সিলর পদে ৩২১ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৭২ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ২৪৯ জন মনোনয়ন পত্র কিনেছেন।
এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হওয়ার ইঙ্গীত দিলেও এখন পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেননি। ২০ মে সমাবেশ করে তিনি এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
২০০২ সালে প্রতিষ্ঠিত সিলেট সিটি করপোরেশনের আয়তন ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার। নগরে ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।
আপনার মন্তব্য