১০ মে, ২০২৩ ২১:৫৮
হবিগঞ্জের বাহুবল উপজেলায় শোয়েব চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএসসি পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর গতকাল মঙ্গলবার দুপুরে এক কিশোরীকে (১৭) একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গতকাল বিকেলে ওই কিশোরীকে হবিগঞ্জ শিশু আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক সুদীপ্ত দাশ ওই কিশোরীকে হবিগঞ্জ জেলা কারাগারের সেভ কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন। সেখানে রেখে ওই কিশোরীর পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার কিশোরী হবিগঞ্জের বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরীর এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ছদরুল হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ে। গতকাল তার গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানায়।
কিশোরীকে গ্রেপ্তারের বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম খান বলেন, গত বছরের সেপ্টেম্বরে বাহুবলের শোয়েব চৌধুরী পারিবারিক দ্বন্দ্বে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় নিহত শোয়েবের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই কিশোরী মামলার একজন আসামি।
আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ গতকাল ওই কিশোরীকে গ্রেপ্তারের পর হবিগঞ্জ শিশু আদালতে হাজির করে। বিচারক কিশোরীকে হবিগঞ্জ কারাগারের সেভ কাস্টডিতে রেখে পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা নিতে জেলা কারাগারের জেল সুপারকে নির্দেশ দেন। হবিগঞ্জের জেলা প্রশাসককে কিশোরীর এসএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরীক্ষা শেষ হলে কিশোরীকে সিলেটের সেভ কাস্টডিতে (সংশোধনাগারে) পাঠাতে বলেছেন আদালত।
আপনার মন্তব্য