সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০২৩ ১৬:৪১

ভোটাররা এখনো পর্যন্ত ইভিএম সম্পর্কে কিছুই জানে না: আরিফ

সিলেটে সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের ছয়মাস আগে ইমিএম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। অথচ ভোটাররা এখনো পর্যন্ত ইভিএম সম্পর্কে কিছুই জানে না।

শনিবার (১৩ মে) দুপুরে সিলেটের একটি কনফারেন্স হলে রোটারেক্ট ক্লাব অব সিলেট টি সিটি আয়োজিত কনফারেন্স রূপকার এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তার জন্য বিএনপি বা আওয়ামীলীগ চাপে নেই বলেও মন্তব্য করেন তিনি। জানান, সকল দল তাদের অবস্থানে অনড়। অহেতুক ব্যক্তি আরিফকে নিয়ে ঢালাওভাবে মন্তব্য না করতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। নিজে সিলেট মহানগরীর সকল মানুষের ভালোবাসায় সিক্ত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, প্রশাসনের কিছু  কর্মকর্তা অতি উৎসাহী হয়ে হুমকি ধামকি দিচ্ছেন। আরিফুল হক চৌধুরী আরও বলেন, যদি তিনি নির্বাচন থেকে দাঁড়ান তাহলে বুঝতে হবে প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তার কর্মকাণ্ডের প্রতি সন্দেহ গভীর রূপ নিয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ভোটের প্রতি আস্থা ফেরানোর আহ্বান জানান তিনি। প্রশাসন গণহারে গ্রেপ্তার করছে বলেও অভিযোগ করেন সিটি মেয়র।

আপনার মন্তব্য

আলোচিত