নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩ ২০:১২

সিলেটে নকল কয়েল বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরের বিভিন্ন এলাকায় নকল বাওমা কয়েল বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করে।  

জানা যায়, জনপ্রিয় বাওমা কয়েলের ট্রেডমার্ক নকল করে ‘সম্রাট চায়না কয়েল’ ও ‘ড্রিম এঞ্জেল’ নাম দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা ও র‌্যাব-৯ সিলেটের একটি টিম নগরের আম্বরখানা এলাকার ‘হাসান স্টোর’কে ৩ হাজার টাকা, ইলেকট্রিক সাপ্লাই রোডের ‘ফ্যামিলি বাজার’কে আড়াই হাজার টাকা ও লালদিঘিরপাড় ‘মেসার্স জহির স্টোর’কে ৩ হাজার টাকা জরিমানা করে। অভিযানে বিভিন্ন নামে প্রায় ২শ’ প্যাকেট নকল বাওমা কয়েল জব্দ করে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে অভিযানে সহায়তা করে র‌্যাব-৯ সিলেটের একটি টিম।  

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা ভোক্তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর। যারা ভেজাল পণ্য দিয়ে ভোক্তাদের ঠকাচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।’

অভিযানের সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত