সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০২৩ ১৮:৪৭

শিক্ষার অভাবে খাসিয়া সম্প্রদায়ের মানুষ এখনো পিছিয়ে: দেবজিৎ সিংহ

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীকে শিক্ষায় অগ্রসর হতে হবে। কারণ শিক্ষায় অগ্রসর না হলে সকল ক্ষেত্রে পিছিয়ে থাকতে হবে। সিলেটে খাসিয়া সম্প্রদায়ের মানুষ এখনো সকল ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণ হচ্ছে তাদের শিক্ষা নেই। অন্যদিকে মণিপুরীরা শিক্ষার কারণে এখন অনেকদূর অগ্রসর হয়ে গেছে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।

বুধবার (১৭ মে) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ)-এর প্রকল্প সমাপনী ও ত্রি বার্ষিক প্রতিবেদন সহভাগিতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেবজিৎ সিংহ আরও বলেন, দেশ এখন অনেকদূর এগিয়ে গেছে। এখন আর নিয়োগের জন্য ঘুষ দিতে হয় না। অনেক দরিদ্র পরিবারের সন্তানেরা এখন সরকারি চাকুরি করছে। তাদের পরিবার এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে বসবাস করছি। কাজেই এখন আর বিদেশিরা এনজিওদের টাকা দেবে না। সে বিষয়টি মাথায় রাখতে হবে। এনজিওদের টাকাগুলো এখন আফ্রিকার বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাই শিক্ষা অর্জন করেই সকল পর্যায়ের মানুষকে এগিয়ে যেতে হবে।

পাসকপের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী লাবণী স্বার্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।

আপনার মন্তব্য

আলোচিত