নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩ ১৫:১০

সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাবো: আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমিও ব্যক্তিগত ভাবে ব্যবসায়ীদের সম্মান করি।

তিনি আরও বলেছেন, ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাবো।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের গ্যাসের বড় চাহিদা যোগান দেওয়া হয় সিলেট থেকে। অথচ সিলেটের মানুষ এখনো গ্যাসের জন্য ধরনা দিতে হয়। আমি যদি ২১ জুনের নির্বাচনে বিজয়ী হতে পারি তা হলে এসব নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে একটা সমাধানের চেষ্টা করব। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি সিলেটের জন্য কাজ করতে চাই।

সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাজোয়ান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজী জাফর সাদেক কয়েস, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক সিরাজ, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, কামাল আহমদ, হুমায়ুন আহমদ, অ্যাডভোকেট নাদিম রহমান, সাব্বির আহমদ, মনির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত