নিজস্ব প্রতিবেদক:

২১ মে, ২০২৩ ২৩:০৪

সিসিক নির্বাচন, মেয়র পদে ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে রোববার পর্যন্ত ১২ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরমধ্যে রোববার তিন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন- শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা ও জহিরুল আলম।

এ ছাড়া ৪২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫১ ও সংরক্ষিত ১৪ ওয়ার্ডে ৯২ জন মনোনয়নপত্র তুলেছেন। আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

মেয়র পদে চারজন দলীয় প্রার্থী ও আটজন স্বতন্ত্র প্রার্থী।

দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল)।

আট স্বতন্ত্র প্রার্থীর অপর ৫ জন হলেন- সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হানিফ কুটু, আবদুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, ছালাহ উদ্দিন রিমন ও জাহিদ উদ্দিন চৌধুরী।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা (মিডিয়া সেল) সৈয়দ কামাল হোসেন জানান, এখন পর্যন্ত মোট ৪৫৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের তপসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে, বাছাই ২৫ মে এবং প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। আর আগামী ২ জুন প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত