নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৩ ২০:৪৩

স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান (আলহাজ খানবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান) সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র দাখিল করছেন।

সোমবার (২২ মে) বিকেল ৩টায় তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে নগরীর সকল ওয়ার্ডকে উন্নয়নের আওতায় নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, নগরবাসী অতীতের মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ করছে তা সঠিক পরিকল্পনার অভাবে কারণে নগরবাসী কোন উন্নয়নের সুবিধা পাচ্ছেন না। আমি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করব।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন তার সমর্থনকারী আশিক আহমদ ও সৈয়দা ইয়ারুন আক্তার ও আলাল মিয়া।

এরআগে সোমবার বিকালে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর ১ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

২০০২ সালে প্রতিষ্ঠার পর সিলেট সিটি করপোরেশনের প্রথম ও দ্বিতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। ২০১৩ সাথে তৃতীয় ও ২০১৮ সালে চতুর্থ নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। চারটি নির্বাচনেই মূল প্রতিদ্বদ্বিতা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। অন্য দলীয় বা স্বতন্ত্র প্রার্থীরা সামান্য প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেননি।

এবার বিএনপিদলীয় মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নিচ্ছেন না। আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলটির যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

আপনার মন্তব্য

আলোচিত