সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০২৩ ০১:৪৫

দৈনিক সিলেট বাণীর জেনারেল ম্যানেজার জালাল উদ্দিনের মৃত্যু

দৈনিক সিলেট বাণী অফিসের জেনারেল ম্যানেজার মো. জালাল উদ্দিন আর নেই। সোমবার ভোরে নগরীর কুয়ারপারস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঞ্চান্ন বছর। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন।

সোমবার বিকেলে কুয়ারপারস্থ হযরত শাহ্ ইঁঙ্গুলাল মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোর ৬টা ১০ মিনিটে অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি জকিগঞ্জের কেছরি গ্রামে। পিতা মৃত জহির আহমদ। অবিবাহিত জালাল উদ্দিন তিন ভাই এক বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়।

১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি দৈনিক সিলেট বাণীতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বাদ আসর কুয়ারপার জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ওই মসজিদের ইমাম ক্বারি মাওলানা মাহবুবুর রহমান।

জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক,
দৈনিক সিলেট বাণীর সাব এডিটর শফিক আহমদ, সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, স্টাফ রিপোর্টার কাওসার আহমদ, জাবেদ এমরান, প্রধান ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, দুলাল হোসেন, ফয়সল খাঁন, মো. এনামুল হক, রেজাউর রহমান রেজা, খালেদ আহমদ, কম্পিউটার ইনচার্জ পান্না লাল রায়, দৈনিক সিলেটের ডাকের এহিয়া চৌধুরী, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ, দৈনিক মুক্ত খবরের সিলেট ব্যুরো ফয়সল আলম, সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার সম্পাদক সুরত আলী, মানবাধিকার কর্মী মো. ইউসূফ সেলু, ব্যবসায়ী ফরিদ আহমদ।

শোকপ্রকাশ
সদ্যপ্রয়াত জালাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বাণী পরিবারের সদস্যবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা (সার্জারি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

আপনার মন্তব্য

আলোচিত