সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল

০৪ জুন, ২০২৩ ২০:০৬

শ্রীমঙ্গলে চা দিবস উদযাপিত, ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় ‘জাতীয় চা দিবস’ ২০২৩ উদযাপন করা হয়েছে।

রোববার (৪ জুন) সকালে বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

বাণিজ্য মন্ত্রী বলেন, ‘চা সর্বোচ্চভাবে পানীয় হিসাবে প্রচলিত আছে আমাদের দেশে। মাদকতাবিহীন বলা হয়। যে একটা পানীয় চা খেলে পরে যে মানুষে তৃপ্তি পরিতোষ হয়। সুন্দর হয়, ভালো হয়। চা শিল্পের প্রসার, চা শিল্প আমরা যেন আগামীতে আরও সামনে নিয়ে যেতে পারি। সবাই মিলে এই চা শিল্পকে এগিয়ে নিতে চাই। এখানে শুধু চা শিল্পই নয়, এর সাথে জড়িত আছে প্রায় দেড় লক্ষ শ্রমিক। তাদের ভাগ্য এই শিল্পের সাথে জড়িত। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে চা বাগান মালিক ও চা শ্রমিককে পুরস্কৃত করেছি।’

টিপু মুনশি বলেন, ‘অনেক বছর ধরে চা শ্রমিকদের বেতন নিয়ে কথা চলছিল, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বসে মালিকপক্ষকে একতরফা চাপিয়ে বেতন নির্ধারণ করে দিয়েছেন। চা শ্রমিকরাও সে নির্ধারণ মেনে নিয়েছে।’

অনুষ্ঠানে দেশের চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে ‘জাতীয় চা পুরস্কার ২০২৩’ প্রদান করা হয়। পুরস্কার পাওয়া ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো : (১) একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান- ভাড়াউড়া চা বাগান (২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান-মধুপুর চা বাগান (৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক-আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লি. (৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী-মো. আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়) (৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান- জেরিন চা বাগান (৬) বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি-কাজী এন্ড কাজী টি এস্টেট লি: (৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি-গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি: (৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (চা শ্রমিক)- উপলক্ষী ত্রিপুরা, চট্টগ্রাম ফটিকছড়ি নেপচুন চা বাগান।

এছাড়াও জাতীয় চা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন এবং শ্রীমঙ্গস্থ টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

দিবস উপলক্ষে দিনব্যাপী চা মেলার আয়োজন করা হয়। চা মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা উন্মুক্ত থাকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত