নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৩ ১৩:২০

সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৫

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া (২২) নামের আরেকজন মারা যান।

বাদশা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সায়েদ নূর মিয়ার ছেলে। দুর্ঘটনায় বুধবার (৭ জুন) সায়েদ নূর নিহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাশ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বুধবার ১৪ জন মারা যান। বৃহস্পতিবার ভোরে বাদশা মিয়া নামে আরেক যুবক মারা গেছেন। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। সেদিনই ১৪ জন মারা যান।

গতকাল নিহত ১৪ জন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়‌া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।

প্রসঙ্গত, গতকাল বুধবার ভোরে উঠে ওসমানীনগরের গোয়ালাবাজারে যাওয়ার জন্য পিকআপে উঠেন ৩০ জন নির্মাণ শ্রমিক। পথে ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে আজ বাদশা মিয়া (২২) নামের একজন মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত