১১ জুন, ২০২৩ ২৩:০৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি হুট করে বাতিলের ঘোষণায় বিস্ময় প্রকাশ করে বিশ্ববিদ্যালয় এলাকায় সকল প্রার্থীর প্রচারণার সমান সুযোগ দাবি করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মেজর (অব.) মোয়াজ বিন আজহার।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়ালের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় শনিবার তিনি এই দাবি জানান।
মোয়াজ বিন আজহার সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৩ জন প্রার্থী।
মতবিনিময় সভায় তিনি অভিযোগ করে বলেন, শাবিপ্রবি এলাকা ৩৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ১৮ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন এবং ঈদুল-আযহার ছুটি ছিল, কিন্তু আকস্মিক ভাবে কোনো পূর্ব বিজ্ঞপ্তি এবং কারণ উল্লেখ ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৫ জুন সকল ছুটি বাতিল করে।
কোন প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি বলেন, এরমাধ্যমে বিশেষ একজন প্রার্থী বেশি সুযোগ পাচ্ছেন, এবং তারা সেখানে প্রচারণা চালাতে পারছেন না।
এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একচোখা নীতি বলে তিনি দাবি করেন। মোয়াজ বিন আজহারের এই বক্তব্যের পর ওই ওয়ার্ডের অন্তত ১১ জন প্রার্থী তার বক্তব্যকে সমর্থন করেছেন বলে জানান তিনি।
তার এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশন সচিব এই ব্যাপারে রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, সিটি নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইভিএমে।
আপনার মন্তব্য