২১ জুন, ২০২৩ ২১:৪৫
“বিশ্বের প্রকৃতি বিপন্ন, সঙ্গীত হোক তারই জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব সংগীত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২১ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান।
শিল্পী অনীশ তালুকদার বাপ্পুর সঞ্চলনায় এবং জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, উস্তাদ রাজ নারায়ণ দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অঞ্জন চৌধুরী, বাউল তছকির আলী, লোকদল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক, সাংবাদিক ও বাউল গবেষক আল হেলাল প্রমুখ।
আলোচনা সভায় বিশ্ব সংগীত দিবস উপলক্ষে জেলা কালচারাল অফিসারের আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী’র গ্রন্থনায় প্রবন্ধ পাঠ করেন, , বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ জেলার আহবায়ক দেবদাস চৌধুরী রঞ্জন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে তৎকালীন ফ্রান্সের সংগীত মন্ত্রী জ্যাক ল্যাং ১৯৮১ সালে বিশ্ব সংগীত দিবস পালনের প্রস্তাব দেন, এরই ধারাবাহিকতায় ১৯৮২ সালের ২১ জুন ফ্রান্সের প্যারিসে প্রথম বিশ্ব সংগীত দিবস পালিত হয়, এরপর থেকেই বিশ্বে বিভিন্ন দেশে উক্ত দিবসটি পালিত হয়ে আসছে, বর্তমানে বিশ্বের ১১০টির অধিক দেশে যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করা হয়।
বক্তারা আরও বলেন, সংগীত ও সুর কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি সার্বজনীন ভাষা। দিবসটি পালনের মধ্যদিয়ে সংগীত দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব জোরদার করার প্রয়াস চলছে। বাংলাদেশের মৌলিক ধারাগুলো পৃথিবীর নানা প্রান্তে সমাদৃত হয়ে চর্চিত হচ্ছে। হাজার বছরের পুরনো বাংলা সংগীত আজ স্থানীয় চর্চার গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ছে। বাংলা লোক সংগীতের সবচেয়ে সমৃদ্ধ অংশ হিসেবে বাংলা সংগীত পার হয়েছে হাজারো বছর। বাংলা সংগীত আবহমান কাল থেকে ব্যাপক বিস্তৃত অঞ্চলে জনপ্রিয়তা লাভ করছে।
এ সময় আমাদের দেশের সংগীত ও সুরকে বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে এবং এটাকে আরও প্রসারিত করতে আজকের এই বিশ্ব সংগীত দিবসে সবার প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভার শুরুতে প্রয়াত বাউল মকরল আলী শাহ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশ্ব সংগীত দিবসের এ আয়োজনকে প্রয়াত শিল্পী হিতাংশু তালুকারকে উৎসর্গ করা হয়।
আলোচনা সভাশেষে সংগীত পরিবেশন করেন, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সপ্তর্ষি, রাত্রি তালুকদার, লোকদল সংগীত শিল্পীগোষ্ঠী, পলি তালুকদার, দীপু, সুভ্রা, সোহেল রানা, তুলি, চিনু চক্রবর্তী, মাধুরী, প্রীতিভূষন চক্রবর্তী প্রমুখ।
আপনার মন্তব্য