জৈন্তাপুর প্রতিনিধি

২১ জুন, ২০২৩ ২২:১০

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় গরু-মহিষ ও শাড়ী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু-মহিষ ও শাড়ী জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জুন) সিলেট ব্যাটেলিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ প্রতাপপুর ও সংগ্রাম বিওপির ভিন্ন দুইটি চৌকস দল রাত অনুমানিক ১ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রতাপপুর বিওপির আভিযানিক দল গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ভারতীয় মহিষ এবং ১টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা।

 

এ ছাড়াও অপর একটি অভিযানে সংগ্রাম বিওপির একটি আভিযানিক দল গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩২৮ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ী জব্দ করে। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬২ হাজার টাকা।

এই দুই অভিযানে আটককৃত চোরাচালানকৃত মালামালের সর্বমোট মূল্য ৬৬ লাখ ৩২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু-মহিষ ও শাড়ী স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত