২৩ জুন, ২০২৩ ১১:৫২
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমেদের সিলেটের বাসভবনে হামলার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকালে দলটি এই কর্মসূচি পালন করে।
বুধবার সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ফল ঘোষণার পর লোকমান আহমদের বড়বাজার আম্বরখানার পৈত্রিক বাসায় হামলা চালানো হয়।
লোকমান আহমদের ছোট ভাই রেজওয়ান আহমদ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তাদের অভিযোগ, নির্বাচনে পরাজিত এক প্রার্থী এই হামলা চালায়।
বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে গুলিস্তান, তোপখানা, পল্টন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনসহ নেতারা।
সমাবেশে নেতারা সিলেটে জাসদ নেতা লোকমান আহমেদের বাসভবনে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
আপনার মন্তব্য