জগন্নাথপুর প্রতিনিধি

২৬ জুন, ২০২৩ ০০:১১

বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দল আওয়ামীলীগ আর তাদের নেতা শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচন আটকে থাকবে না।

তিনি আরও বলেন, বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। একটি দল দেশের জনগণের প্রতি আস্থা নেই। তারা বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায়।

রোববার (২৫ জুন) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুস সামাদ আজাদ মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠপুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩৭১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ চার লাখ ৭৩ হাহার ২৫ টাকা বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত