নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩ ১৩:৫৯

মে মাসে ৭ এপিবিএনের শ্রেষ্ঠ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মৃদুল

মাসিক কল্যাণ সভা

সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের পুরষ্কার গ্রহণ করেছেন বাহিনীটির এক ঝাঁক তরুণ মেধাবী, সাহসী ও চৌকস অফিসার।

গতকাল রোববার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ  ৭ মাইল এলাকায় ৭ এপিবিএন এর সদর দপ্তরে সংস্থাটির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে মে মাসে একজন পরিশ্রমী এবং করিৎকর্মা কর্মকর্তা হিসেবে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মৃদুল কান্তি দাসকে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়া এএসআই বিশ্বজিত, এএসআই সুমন, এসআই ময়নুল ইসলাম, এসআই নুরুল হুদা, এসআই মামুন সরকার এবং পানিনবাহক মুসলেম উদ্দিনকে বিভিন্ন ক্যাটাগরিতে মে মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। ফোর্সের কাজে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে গত কয়েকমাস থেকে অধিনায়কের নিজ উদ্যোগে এমন পুরস্কার দেওয়া হচ্ছে।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর মাসিক কল্যাণ সভায় ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম উপস্থিত থেকে এ পুরষ্কার প্রদান করেন।

ফোর্সের কল্যাণে গুরুত্বপূর্ণ ও যৌক্তিক প্রস্তাবনা উপস্থাপন করায় ব্যাটালিয়নের রিজার্ভ অফিসার এসআই টিপু সুলতান, হিসাব শাখা ও মিডিয়া উইংয়ের এএসআই পাবেলসহ আরও কয়েকজনের নামে পুরস্কার ঘোষণা করেন ৭ এপিবিএনের অধিনায়ক।

সভায় সভাপতিত্বের বক্তব্যে ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম বলেন , আমার কাছে ক্ষমা বলতে কোন শব্দ নাই, ভাল কাজ করলে সাথে সাথে যেমন পুরস্কার দিচ্ছি টিক তেমনি খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। অপরাধ করলে কোন ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ পুলিশের সদস্যগন ২৪ ঘণ্টার জন্য নিয়োজিত, আমরা ২৪ ঘণ্টা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। সাইবার ক্রাইম রোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধ দমনে সবাইকে আরও জোরালো ভাবে কাজ করতে নির্দেশ প্রদান করেন।

এ সময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অস্থায়ী কার্যালয় সদর খাগড়াছড়ি থেকে অনলাইনে সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী আব্দুর রহীমসহ অন্যান্য কর্মকর্তা ফোর্স এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অনলাইনে অফিসার ফোর্স যুক্ত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, ৭ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নাঈমা আক্তার তন্নীসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন।

আপনার মন্তব্য

আলোচিত