নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৩ ১৩:০১

একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করলেন সিসিকের দুই মেয়র

সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের এই জামাতে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

নামাজ শেষে তারা একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

এদিকে শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা।

সিলেটের প্রধান এ ঈদগাহে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ঈদজামাত আদায় করতে পেরে খুশি সবাই। এখানে ঈদের নামাজে লাখো মুসল্লির সমাগম হয়।

আপনার মন্তব্য

আলোচিত