নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

০১ জুলাই, ২০২৩ ১৮:১৮

কাঁচা মরিচের মূল্য বৃদ্ধিতে কদর বেড়েছে নাগা মরিচের

দামের দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার কারণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে রান্নায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির। এদিকে কাঁচা মরিচের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কদর বেড়েছে নাগা মরিচের।

শনিবার (১ জুলাই) মৌলভীবাজার পশ্চিম বাজার ও টিসি মার্কেট ও কুলাউড়া শহরের উত্তরবাজার ও পশ্চিমবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, লাগামছাড়া দাম কাঁচা মরিচের। খুচরা বাজারে কেজি প্রতি দাম নিচ্ছে ৫০০ টাকার উপরে। তাই বাজারে কদর ও চাহিদা দুটোই বেড়েছে নাগা মরিচের।

কুলাউড়া পশ্চিম বাজারে বাজার করতে আসা গৃহিণী হোসনা বেগম বলেন, কাঁচা মরিচের যে দাম বেড়েছে তা আগের সব রেকর্ড ভেঙেছে। এজন্য আমি নাগা মরিচ কিনেছি। নাগা মরিচ স্বাদে ও গন্ধে অনন্য। কাঁচা মরিচের মতো এত বেশি ব্যবহার করা লাগে না।

কুলাউড়ার উত্তরবাজারের সবজি ব্যবসায়ী আরিফ মিয়া বলেন, জোগান কম হওয়ায় হঠাৎ করে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। পুরনো ক্রেতারাও এসে তর্ক জুরে দেয়। কিন্তু উপায় নেই আমরাও তো বেশি দামে কিনে বিক্রি করি।

তিনি বলেন, অবিরাম বৃষ্টির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে কাঁচা মরিচের দাম বাড়ায় চাহিদা বেড়ে গেছে নাগা মরিচের। ছোট সাইজ প্রতি নাগা মরিচের দাম রাখছি ২-৩ টাকা আর বড় সাইজের দাম ৩-৫টাকা পর্যন্ত।

নাগা মরিচের চাষি শামসুল হক এই প্রতিবেদককে বলেন, গত সপ্তাহে ভালোই লাভ হয়েছিল। গত সপ্তাহে ১২ হাজার নাগা মরিচ পাইকারের কাছে বিক্রি করি ২৫ হাজার টাকায়। নাগা মরিচের চাহিদা বেড়েছে। আগে এত দামে বিক্রি করতে পারিনি।

তিনি বলেন, 'আমার এক পরিচিত আমার কাছ থেকে ১০০ নাগা মরিচ নিলেন। তিনি আমাকে জানালেন তার দেশের বাড়ি খুলনায় প্রতিটি নাগা মরিচের দাম এখন ১০ টাকা করে।'

জানতে চাইলে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের সবজি বিক্রেতা সাবের মিয়া বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের দাম বেড়েছে। তাই বেশি দামে বিক্রি করতে হয়।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুউদ্দিন আহমেদ জানান, ১০০ হেক্টর নাগা মরিচ চাষ হয়। তবে আরও বেশি হবে কারণ টিলা জাতীয় জমিতে বেশিরভাগ লেবু, আানারস ও চা বাগানে অনেকে এই নাগা মরিচ চাষ করে থাকেন। তবে এই মরিচে আরও গুরুত্ব দিলে সহজে ফলন বাড়ানো সম্ভব।

কাঁচা মরিচ বা নাগা মরিচের উৎপাদন বেশি হলে বাজারে দাম কমে যাবে, বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত