০৩ জুলাই, ২০২৩ ২৩:৩৭
মৌলভীবাজারের জুড়ীতে সরকারি তহবিলের কাজ নিয়ম বহির্ভূতভাবে পছন্দের ঠিকাদারদের মধ্যে বন্টন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এর প্রতিকার চেয়ে উপজেলার বঞ্চিত ঠিকাদাররা ইউএনও বরাবরে লিখিত আবেদন করেছেন। জুড়ী উপজেলার ১৫ জন সরকারি তালিকাভূক্ত ঠিকাদার এই অভিযোগ করেছেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থানীয় এমপি ও পরিবেশমন্ত্রীর পছন্দের ঠিকাদারদের এই কাজগুলো দেওয়া হয়েছে। তবে এ বিষয় নিয়ে মুখে কুলুপ এটেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জুড়ী উপজেলার উপ সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, ‘এসব কাজ মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত তহবিলের কাজ। কোটেশনের মাধ্যমে কয়েকজন ঠিকাদারকে দেওয়া হয়েছে।’
কাজগুলো নিয়ম বহির্ভূতভাবে পছন্দের ঠিকাদরদের দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে তিনি (উপ সহকারী প্রকৌশলী) কোনো বক্তব্য দেননি।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ২০২২-২৩ অর্থ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বরাদ্দকৃত উপজেলা উন্নয়ন সহায়তা খাতের ২৫ লাখ টাকার ৭টি প্রকল্পের কাজ কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই বিশেষ গ্রুপের মাধ্যমে কয়েকজন ঠিকাদারকে দেওয়া হয়। উপজেলা উন্নয়ন খাতের ইট সলিংয়ের কাজের টেন্ডার দিয়ে অন্যান্য লাভজনক কাজগুলো পছন্দের ঠিকাদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এসব ঠিকাদাররা নামমাত্র কাজ করে টাকা উত্তোলন করে নিয়েছেন।
বঞ্চিত ঠিকাদাররা এসব হরিলুট প্রকল্প তৈরী এবং তাদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বলেন, ‘এলজিইডির প্রকৌশলীকে বলে বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছি।’
আপনার মন্তব্য