০৯ জুলাই, ২০২৩ ১৩:১১
বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে তারুণ্যের সমাবেশ। রোববার (৯ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত এ সমাবেশেকে ঘিরে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে সরেজমিনে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, ট্রাক দিয়ে বালু ফেলে সমাবেশে আগতদের দাঁড়ানোর জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। মঞ্চ তৈরির কাজও চলছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের তদারকিতে সমাবেশস্থল প্রস্তুতির কাজ এগিয়ে যাচ্ছে।
এ সময় তিনি বলেন, এই সমাবেশে নির্যাতিত বঞ্চিত মামলায় জর্জরিত গণতন্ত্রের মুক্তিকামি তরুণদের সমাবেশ ঘটবে। অভিভাবক সংগঠনের নেতা হিসেবে তিনি তদারকি করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছেন।
নিজেদের কর্মসূচিতে প্রচুর লোক জমায়েত করে শক্তি সম্পর্কে জানান দিতে চাচ্ছে দলটি। বিএনপির কর্মসূচি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপিসহ তার অঙ্গ সংগঠনগুলো।
এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবলীগ ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল। তবে শুক্রবার রাতে এক বৈঠক থেকে যুবলীগ সমাবেশের স্থান পরিবর্তন করে নগরের রেজিস্টারি মাঠে নিয়ে যায়। এ স্থানটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশস্থলের অন্তত দুই কিলোমিটার দূরে।
অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, নগরীতে সমাবেশকে ঘিরে যে কোন বিশৃঙ্খলা হলে পুলিশ শক্ত হাতে দমন করবে।
আপনার মন্তব্য