১০ জুলাই, ২০২৩ ২৩:৩৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর খাদ্য গুদামে আবারও ধান কেনা শুরু হয়েছে।
সোমবার (১০ জুলাই) আনুষ্ঠানিক লটারির মাধ্যমে ২০১ জন কৃষককে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত কৃষকরা জনপ্রতি তিন টন করে ধান বিক্রি করতে পারবেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর উপজেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিপক কুমার সূত্রধর উপস্থিত ছিলেন।
কৃষক ও উপজেলা খাদ্য গুদাম সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদরে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকার এক হাজার দুই শত টাকা মন দরে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করে। নিয়ম অনুযায়ী ৮ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনার কথা। তন্মধ্যে জগন্নাথপুর খাদ্য গুদামে ৯০৬ মেট্রিক টন ধান কেনার কথা থাকলেও সর্বশেষ গত ১২ জুন পর্যন্ত ১৫০ জন কৃষকের কাছ থেকে ৪৫০ মেট্রিক টন ধান কেনা হয়। এরপর গুদামে জায়গা না থাকার কথা বলে ধান কেনা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর আবার ধান কেনা শুরু করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিপক সূত্রধর জানান, জগন্নাথপুর খাদ্য গুদামে চাল ও গম মজুদ থাকায় গুদামে কোন জায়গা না থাকায় ধান কেনা কিছুদিন বন্ধ ছিল। আমরা চাল-গম অন্যত্র সরিয়ে কৃষকের ধান কেনার জায়গা তৈরি করে দিয়েছি। এখন থেকে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন।
আপনার মন্তব্য