১৩ জুলাই, ২০২৩ ১৮:১৫
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে একটি কাঁঠালের নিলামকে কেন্দ্র করে গত সোমবার সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রামের যে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, তাদের কেউই এখনও থানায় আসেনি। তবে পুলিশ এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান, উভয় পক্ষের লোকজন এসে মামলা করে কিনা, সে অপেক্ষায় আছি। দুই পক্ষের লোকজনই পলাতক, কেউ কেউ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনও হাসনাবাদ গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দান করা একটি কাঁঠাল নিলামকে কেন্দ্র করে হাসনাবাদ গ্রামের দ্বীন ইসলাম ও মালদার আলীর পক্ষের লোকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন।
আপনার মন্তব্য