১৭ জুলাই, ২০২৩ ২৩:৪৭
জুড়ীর বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের নাম পরিবর্তন করার অভিযোগ এনে তার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন প্রয়াত এমএ মুহিত আসুকের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলশান আরা মিলি।
আবেদনে তিনি নাম পরিবর্তনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমদকে দায়ী করেন।
এছাড়া জেলা উন্নয়ন সমন্বয় সভায়ও এ ইস্যুতে ক্ষোভ ঝেড়েছেন কয়েকজন জনপ্রতিনিধি। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নামফলক পরিবর্তন করে মুক্তিযোদ্ধার নাম সংশোধন করার দাবি জানান।
গত মঙ্গলবার (১১ জুলাই) জুড়ীর ওই চত্বর থেকে ক্লাব রোড পর্যন্ত ১১২০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। উদ্বোধনী নাম ফলক সহ সরকারি সফরসূচিতে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের নাম বদলে পূর্বের নাম নাইট চৌমুহনী উল্লেখ করা হয়।
এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এনিয়ে রবিবার (১৬ জুলাই)জেলা উন্নয়ন সমন্বয় সভায় ক্ষোভ ঝাড়েন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় তাকে সমর্থন করে এ ঘটনায় রেজুলেশনে অন্তর্ভূক্ত করার দাবি জানান কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী।
এ বিষয়ে উন্নয়ন সমন্বয় সভার সভাপতি, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে,সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সমাধান করা হবে।
আপনার মন্তব্য