১৮ জুলাই, ২০২৩ ১১:৩৪
ছবি: সংগৃহীত
হাওর এলাকার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে জমি অধিগ্রহণ এবং অধিকৃত জমিতে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প গ্রহণের লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প প্রস্তাবনার ওপর সোমবার (১৭ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।
প্রফেসর আলমগীর বলেন, পরিবেশ ধ্বংস করে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উন্নয়ন প্রকল্প করা যাবে না। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে হাওর ও উপকূলে বন্যা ও জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। কাজেই, হাওর এলাকায় জমি অধিগ্রহণের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতির গতি প্রকৃতিকে সবসময় মাথায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের ক্ষেত্রে আর্থ-সামাজিক প্রভাব বিবেচনায় নিতে হবে। এছাড়া, জলাধার ভরাট না করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
উপাচার্য প্রফেসর আবু নঈম শেখ নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ, নান্দনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম উন্নয়ন প্রকল্পের নানাদিক তুলে ধরেন।
সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু নঈম শেখ, রেজিস্ট্রার জিএম শহিদুল আলম, ইউজিসির উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ্ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে ৪৭তম বিশ্ববিদ্যালয় হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাস হয়।
আপনার মন্তব্য