কমলগঞ্জ প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৩ ১০:৪৬

গ্যাস লিকেজে পুড়ল দুই ব্যবসায়ীর বসতঘর, অর্ধ কোটি টাকার ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় সোমবার (২৪ জুলাই) ভোর সোয়া ৫ টায় ত্রুটিযুক্ত গ্যাস লাইন থেকে বের হওয়া গ্যাসে সৃষ্ট আগুনে ২ ব্যবসায়ীর বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। তারা দু'জনই সহোদর ও একই সীমানার ভিতর পাশাপাশি বসতঘরে বসবাস করেন।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

সকাল ৭টায় সরেজমিন গেলে এলাকাবাসী জানান, ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখদের বাসার গ্যাসের রাইজার লিক হয়ে কিছু দিন ধরে গ্যাস বের হচ্ছিল। তারা সঠিকভাবে তা মেরামত না করায় সোমবার ভোরে রাইজারের বের হওয়া গ্যাস থেকে প্রথমে সামনের ঘরে আগুন লাগে। আগুন লাগার পর বাসার লোকজন নিরাপদে বের হলেও দ্রুত আগুন দুটি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে দুটি বসতঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়।

আগুন লাগার খবর পেয়ে ভোর ৬টায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখ বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি জিনিসও রক্ষা করতে পারেননি। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন সঠিকভাবে কিছু বলতে না পারলেও ধারণা করছেন নগদ টাকাসহ কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদেরকে আবার নতুন করে বসত ঘর সাজাতে হবে।

এলাকাবাসী এখলাছ আহমদ হায়দরী, টিটু মিয়া বলেন, গভীর রাতে এ ঘটনা ঘটলে ঘুমন্ত অবস্থায় অনেকেই মারা যেতেন।

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দলনেতা ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত