সুনামগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৩ ১৮:১৫

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।

মারা যাওয়া অটোচালকের নাম হারেছ মিয়া (২৫)। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের আবদুল গণির ছেলে।

ধর্মপাশা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হারেছ মিয়া পাশের চকিয়াচাপুর গ্রামে এক স্বজনের বাড়িতে তার অটোরিকশাটি বুধবার রাত সাড়ে ১০টার দিকে চার্জে দেন। রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি চার্জ হচ্ছে কি না, তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন হারেছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি তিনি জানতে পেরেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত