০৮ আগস্ট, ২০২৩ ১২:২৭
প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের উত্তরে মহাসিং নদীর কাছে বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজ প্রায় ৪৪ ঘণ্টা পর মোতালিব মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় একই ইউনিয়নের লালপুর গ্রামের কাছে মহাসিং নদীতে ভাসমান অবস্থায় মোতালিবের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বীরগাঁওগামী যাত্রীবাহী নৌকায় থাকা যাত্রীরা ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লালপুর গ্রামের পাশে মহাসিং নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। তারা চিৎকার করে লালপুর গ্রামের মানুষকে জানালে গ্রামবাসী থানায় খবর দেন। পরে মোতালিবের বাড়ির লোকজন এসে মরদেহ সনাক্ত করেন।
এ ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে মোতালিবের পরিবারে। শোকে কাতর হয়ে পড়েছেন তার মা-বাবা ও আত্মীয়স্বজন। তারা বার বার কান্নায় ভেঙে পড়ছেন। শোকে মূর্ছা যাচ্ছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার সকাল ৯টায় বাবার সাথে মাছ ধরতে হরিনগর গ্রামের কাছে ভাই-বোনের দাড়ায় যান মোতালিব। সকাল সাড়ে ১১টায় বজ্রপাত হলে বজ্রাঘাতে ভয়ে হয়ে পানিতে পড়ে যান মোতালিব। তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সুনামগঞ্জ ডুবুরি দলের প্রায় ৫ ঘণ্টা খোঁজাখুঁজি করার পরও তাকে সেদিন খুঁজে পায়নি।
আপনার মন্তব্য