০৮ আগস্ট, ২০২৩ ১৬:০৩
বঙ্গমাতার ঋণ কোনদিনই শোধ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার( ৮ আগস্ট) দুপুরে সিলেটের হযরত শাজালাল দরগাহ মসজিদে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে এমন মন্তব্য করেন তিনি।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বিশ্বস্ত হাতে সকল প্রতিকূলতার বিপক্ষে লড়াই করতে পেরেছিলেন বলেই জাতির পিতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে পেরেছিলেন। বঙ্গমাতার ঋণ কোনদিনই শোধ হওয়ার নয়।
সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত এ দোয়া মাহফিলে জাতির পিতা, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য