১২ আগস্ট, ২০২৩ ১৩:৩৪
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ওই বাড়িতে রাতভর অভিযান শেষে শনিবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে ব্রিফিংয়ে এই তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
আটক ১০ জনের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। তাদের সঙ্গে তিন শিশুও রয়েছে।
স্থানীয়রা বলছেন, মাত্র দুই মাস আগে এরা এখানে এসে বসতি গড়ে। পূর্ব টাট্টিউলি বাজারের চা দোকানি শফিক মিয়া বলেছেন, তার দোকানে এসে অল্প বয়সের দু’জন পুরুষ মানুষ নিয়মিত চা খেত। তারা বলেছিল, তাদের বাড়ি বগুড়ায়, নদী ভাঙনে তাদের বাড়ি চলে গেছে, তাই এখানে এসে বসতি করেছে। আরও পরিবার আসবে।
কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘ওই বাড়িতে থাকা লোকজন অন্য জেলার বাসিন্দা। তারা এখানে এসে বাড়ি বানিয়ে থাকছেন। জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ।’
ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য। ওই বাড়ি থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি প্রধান বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপক সংখ্যক লোকদের উগ্রবাদের দীক্ষা দিয়েছে। সেসব লোকজন হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছেন। শুরুতে আমাদের কাছে তথ্য ছিল মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে। গতকাল আমরা চূড়ান্ত তথ্য পাই।
আসাদুজ্জামান জানান জানান, ঢাকায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, যিনি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন। এছাড়া জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া ৩ শিশুও ছিল। এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী; কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে এটি একটি নতুন জঙ্গি সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও আমরা পেয়েছি। আশা করি, তার পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হবো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিটিটিসি ও কুলাউড়া থানা-পুলিশের একটি দল পূর্ব টাট্রিউলি গ্রামের ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। আজ সকালে অভিযান শেষে আটক ব্যক্তিদের বাড়ি থেকে বের করে আনা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিটিটিসির সোয়াত টিমের এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন হিল সাইড’।
আপনার মন্তব্য