১৮ আগস্ট, ২০২৩ ২৩:৪২
‘আমাদের সবার দায়িত্ব আছে। এলাকায় গিয়ে ইলেকশনের ১৫ দিন আগে.... পড়াশোনা বহুত করছেন, ইলেকশনের ১০-১৫ দিন আগে এলাকায় গিয়ে গিয়ে মানুষকে বুঝাবেন নৌকা মার্কায় ভোট দিতে হবে। আজকে যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকে, তাহলে আমরা বাঁচবো একসাথে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের এমন একটি বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শাবিপ্রবির উপ-উপাচার্যের বক্তব্যের ওই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–সহ সকল শহিদ স্মরণে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এসব কথা বলেন।
এসময় উপ-উপাচার্য আরও বলেন, শেখ হাসিনার পাশাপাশি আমাদের যার যা আছে তাই নিয়ে এবার এই নির্বাচনকে মোকাবেলা করতে হবে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতে পারে, মনে রাখবেন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনারা সহ-অবস্থান করতেছেন, আপনারা শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশকে শান্তিপূর্ণ রাখতে চান। কিন্তু তারা আপনার রগ কেটে দিবে। আপনার গলা কেটে দিবে আপনাকে তারা ক্ষমা করবে না।
আলোচনা সভায় অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আমরা সবাই মিলে আজকে শেখ হাসিনার নেতৃত্বে যে ইলেকশন আছে সেই ইলেকশনে যে যেভাবে পারেন...(এই বাক্যের পরের অংশ পরিষ্কার নয়)। আর-এ আমার অস্তিত্ব থাকবে না কোন কে বেঁচে থাকবো। আমার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা করণীয় দরকার তাই করতে হবে। শেখ হাসিনার যদি অস্তিত্ব না থাকে, যদি আওয়ামী লীগ না আসে তাহলে কিন্তু এই দেশ রক্তে বয়ে যাবে বন্যায় বয়ে যাবে। আমরা রক্ত চাই না। আমরা চাই শান্তি।
এসময় ছাত্রদের উদ্দেশ্যে উপ-উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আমি এতোটুকু বলতে চাই, আজকে আমি যতগুলো মিছিল তোমাদের দেখেছি এই মিছিলকে তোমরা সুন্দর করে ধরে রাখো। তোমরা সচেতনভাবে সততার সাথে তাদেরকে স্নেহ আদর দিয়ে এই ছাত্রদেরকে লেখাপড়া করিয়ে নির্দিষ্ট একটি জায়গায় বসাও। সে আমেরিকা আর কানাডার জন্য ভিসার বসে থাকতে হবে না। এই দেশকে ভালোবাসো যোগ্য আওয়ামীলীগ হও। এই দেশে জন্মগ্রহণ করেছো এই দেশে মৃত্যুবরণ করো। আমেরিকার মোরলগিরি আর অন্য দেশের মোরলগিরি বাদ। ... ”
এদিকে, উপ-উপাচার্যের এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সজীব আহমেদ জয় নামের একজন ওই ভিডিওর পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এটা কোন শিক্ষকের বক্তব্য হতে পারে! সকল ছাত্রই কি রাজনৈতিক নাকি। আর তাদের রাজনীতি বাধ্যতামূলক।’
মো. নজরুল ইসলাম রাজন নামের একজন লিখেছেন, ‘আহা! বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার চেয়ে রাজনীতি চর্চা এখন গুরুত্বপূর্ণ।’
জহিরুল আলম লিখেছেন, ‘অধ্যাপনা পেশা ছেড়ে পদলেহনের পেশা ধরলেই হয়!’
এস এম আলমগীর হোসাঈন মন্তব্য করেছেন, ‘স্যারকে এমপি হিসেবে দেখতে চাই..’। মাহমুদুল হাসান রিমন লিখেছেন, ‘এই ভাষণে ভিসি নিশ্চিত...।’
আব্দুল কাইয়ুম নামের আরেকজন লিখেছেন, ‘আওয়ামী বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এখন সময়ের দাবি। কতো বড় রাবিশ!!!’
আপনার মন্তব্য