জগন্নাথপুর প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩ ২০:১৫

সেতু ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ২

সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ নদীর স্টিলের সেতু ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এই ঘটনায় ট্রাক চালকসহ ২ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর থেকে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেল ৩ টা ৪০ মিনিটে ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারগামী মালবাহী একটি ট্রাক পাগলা–জগন্নাথপুর–আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও নামক এলাকায় কাটাগাঙ্গ নদীর উপর অবস্থিত সেতুর উপর উঠা মাত্রই সেতুটি ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ট্রাক চালক সহ ২ জন নিখোঁজ হন। এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও একদল পুলিশ সহ জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের ও ট্রাক এর সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত