জগন্নাথপুর প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৪ ২২:৪৬

জগন্নাথপুরে অটোরিকশায় ‘যাত্রী সেজে’ ছিনতাই, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। ছিনতাইকারীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ধারাল অস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীর নিকট থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জগন্নাথপুর থানায় এব্যাপারে একটি মামলা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান তালকুদার গত ২০ ডিসেম্বর বিকেল তিনটার দিকে পৌরশহরের জগন্নাথপুর বাজারের সোনালি ব্যাংক থেকে দুই লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা তুলে তিনি একটি অটোরিকশা করে পৌরশহরের ইকড়ছই স্লুইসগেইট এলাকায় যাওয়ার সময় জগন্নাথপুর বাজার সংলগ্ন ইকড়ছই জামে মসজিদ এলাকায় পৌঁছামাত্র অটোরিকশায় যাত্রীসেজে থাকা চার ছিনতাইকারী ব্যবসায়ীকে চাকু দেখিয়ে জোরপূর্বক প্যান্টের প্যাকেট থেকে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয। পরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক দিয়ে দ্রুত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার প্রায় এক মাস পর গতকাল সোমবার রাত ৮টার দিকে স্থানীয় পৌরপয়েন্টে ওই ছিনতাইকারীদের সঙ্গে থাকা অটোরিকশার চালককে ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ী স্থানীয়দের লোকজনের সহযোগিতায় অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশকে সোর্পদ করা হয়।

আটক চালকের নাম জুবেদ আহমদ (২৩)। তিনি সিলেট জালালাবাদ থানার ফতেপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

মামলার বাদী আবু সুফিয়ান তালুকদার জানান, ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় সামনে একটি অটোরিকশা দাঁড়ানো ছিল। আমাকে বলল, কই যাবেন। আমি বললাম সামনে যাবো। তখন চালক বলল ওই দিকে আমরা যাচ্ছি। তখন গাড়িতে আরও চারজন ছিল। আমিও গাড়িতে উঠে পড়ি। কিছুদূর যাওয়ার পর যাত্রী সেজে থাকা ছিনতাইকারীকে চাকু উঁচিয়ে জোরপূর্বক আমার নিকট থেকে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। সোমবার আমি ছিনতাইকারীর সঙ্গে থাকা ওই চালককে চিনতে পেরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করি। এ ঘটনায় আমি তিনজনের নাম উল্লেখ করে চারকে আসামি করে ছিনতাই মামলা দায়ের করেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর সুহেল আহমদ বলেন, ছিনতাইকারীকে অটোরিকশা নিয়ে চালক ও যাত্রী সেজে দিনদুপুরে ছিনতাই করে অর্থ লুট করেছে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত