তাহিরপুর প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০২৪ ২১:৫৬

অবৈধভাবে মাছ ধরায় টাংগুয়ার হাওরে তিন জেলেকে দণ্ড

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জেলেকে আটক করে প্রত্যেককে তিনদিন করে কারাদণ্ডের পাশাপাশি ৫ শত টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদার ফিসারিজ খ্যাত টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরা দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টাংগুয়ার হাওর সংলগ্ন উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আবিজ আলীর ছেলে লিটন মিয়া (৪৫), রামসিংহপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ঝুরুল হক (৩৫) ও পার্শ্ববর্তী হুকুমপুর গ্রামের সুন্নত আলীর ছেলে আইতুল (২০)।

খোঁজ নিয়ে জানা যায়, টাংগুয়ার হাওরের রুপাবুই, লেছুয়ামারা ও চটানিয়া বিলে অবৈধভাবে মৎস্য নিধনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার হাওরে অভিযান চালিয়ে ৫৬টি চায়না দুয়ারি জাল আটক করে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করেন। এসময় তিনজনকে আটক করে তিন দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এছাড়াও হাওরপাড়ের সংঘবদ্ধ একটি চক্র ও হাওর রক্ষার নামে বিভিন্ন সংগঠনের কিছু লোক জেলেদের কাছ থেকে অর্থ নিয়ে হাওরে মাছ ধরা সুযোগ দেয় আর টাকা না দিলে আটক করে অর্থ আদায় করেছে। এদের বিরোধী কঠোর নজরদারির মধ্যে দিয়ে দমন করার দাবি উঠেছে হাওর পাড়ে কৃষক জেলেরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি জানান, টাংগুয়ার হাওরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে হাওরে অবৈধ মৎস্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। হাওরে কোন রকম অনিয়মকে ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে দমন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত