১৫ ফেব্রুয়ারি , ২০২৪ ০৩:৫১
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করতে চান, কিন্তু এই প্রকৃতি ছাড়া নয়। প্রকৃতি ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অন্যতম স্তম্ভ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে বসন্ত বরণ উৎসবে তিনি আরও বলেন, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবেশ ধরে রাখতে হবে দৃঢ় ভাবে সংরক্ষণ করতে হবে। এই বিষয়ে আমাদের কঠোর অবস্থানে থাকতে হবে। যাতে করে প্রাকৃতিক পরিবেশ ও বৈচিত্র্য ধ্বংস করতে না পারে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিমুল বাগানে বসন্ত বরণ উৎসবে নৃত্য, গান, ছবি আঁকাসহ নানা আয়োজন করে।
সকাল ১১টায় বসন্ত উৎসবের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক। এসময় তিনি আরও বলেন, সুনামগঞ্জ বাংলাদেশের ঐতিহ্যের ধারক বাহক। এখানে শিল্প সাহিত্যের চর্চা হবে, আমাদের বাঙালি লোকজ সংস্কৃতিগুলো আমরা আড়ম্বরপূর্ণ ভাবে পালন করব, যা আমাদের অস্তিত্বের জন্য এবং দেশের উন্নতির জন্য প্রয়োজন। এই প্রকৃতিকে, এই ঐতিহ্যকে, এই সংস্কৃতিকে শিল্প সাহিত্যকে তুলে ধরার দায়িত্ব হল নবীন প্রজন্মের।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।
আপনার মন্তব্য