১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০২:০৯
মৌলভীবাজারের শতভাগ এলাকাকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। “প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ' এই স্লোগানকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়নের এ জেলায় নিরবচ্ছিন্ন টেকসই ও গুনগতমানের বিদ্যুৎ সরবরাহ দিতে আগামী বছরের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এসব জানানো হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বিএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক অধ্যাপক দ্বীপশিখা ধর ও ডিজিএম জিয়াউল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন এলাকা পরিচালক ডা. আব্দুল আজিজ, শিক্ষক একরামুল কবির, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ এ সময় জেলার সাত উপজেলার পরিচালক ও এলাকার সুধীজনেরা।
অনুষ্ঠানে শৃঙ্খলার সহিত বিদ্যুৎ ব্যবহারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক গ্রাহককে পুরস্কৃত করা হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বিএম মিজানুর রহমান বলেন, মৌলভীবাজার জেলার শতভাগ এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এ জেলায় ৯৪৪৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন তৈরি করে ২০টি ৩৩/১১টি উপকেন্দ্র তৈরি করে ৪ লক্ষ ৫৮ হাজার ৮শত ৩১ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সেবা প্রদানের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচ্ছল রাখতে ও আরও গতিময় করতে এ জেলার চা শিল্প, রাবার শিল্প, পোলট্রি, ডেইরি ফার্ম, কুটির শিল্পসহ এ জেলায় স্থাপিত সকল শিল্প ও কলকারখানায় আবেদনের পর দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
আপনার মন্তব্য