সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১৮:০১

ছাতকে এনাম হত্যা মামলার আসামিদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন স্বজনরা

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

ছাতকের হাজী মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেছেন। তাদের হামলা-মামলা ও হুমকি-অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন হত্যাকাণ্ডের শিকার এনামের স্বজনরা। অন্যদিকে, বাড়ির সহায়-সম্পত্তি জবর-দখলের চেষ্টা করছেন হত্যা মামলার আসামিরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের বাসিন্দা ও এনামের ভাই মো. মোস্তফা দিলোয়ার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘গত ২০২১ সালে ইদ-উল-ফিতরের দিন সন্ত্রাসী হামলায় মোস্তফা আনোয়ার এনামকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। পৈতৃক সম্পত্তি রক্ষার্থে পদক্ষেপ নেওয়ায় তাকে হত্যা করা হয়। এ ঘটনা মামলা করায় পরিবারের অন্য সদস্যরাও তাদের রোষানলে পড়ে গ্রাম ও দেশ ছাড়া।’

তিনি বলেন, ‘আমি যখন আসামিদের হুমকি ধমকি ও মিথ্যা মামলায় পড়ে প্রাণ বাঁচাতে নিজ বাড়িঘর ও গ্রাম ছেড়ে সপরিবারে সিলেট শহরে আশ্রয় নিয়েছি তখন আমার চাচাতো ভাই আমার বাড়িতে থেকে আমার সহায় সম্পত্তি রক্ষার চেষ্টা করছেন। কিন্তু বিবাদীদের এটাও সহ্য হচ্ছে না। আমাদের সম্পত্তি থেকে আমাদেরকে জোরপূর্বক উচ্ছেদ ও সম্পদ আত্মসাৎ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি জানান, গত ১৯ জানুয়ারি বাড়িতে ঢুকে বসতবাড়ির সীমানার মধ্যে বাঁশ কাটতে লাগলে চাচাতো ভাই আশরাফ উদ্দিন প্রতিবাদ করেন। এ কারণে বিকেলে বিবাদীগণ অস্ত্র নিয়ে বাড়ির উঠানে গিয়ে তাকে ডাকাডাকি করে। চাচাতো ভাই প্রাণভয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে বিবাদীগণকে নিবৃত্ত করেন।

তিনি আরও বলেন, ‘এনাম হত্যা মামলার আসামি সিহাব মিয়া ও আছমা আক্তার লাভলী জামিনে মুক্ত হয়ে আমাকে ভীতি প্রদর্শন ও উপর্যুপরি মামলা দায়ের করে চরম হয়রানি, নির্যাতন করছে। চারটি মামলায় হাজিরা দিতে গিয়ে আমার জীবন এখন অতিষ্ঠ। সাত মাস ধরে চরম আর্থিক দুরবস্থার মধ্যে মানবেতর জীবনযাপন করছি। শহরেও শান্তিতে বসবাস করতে পারছি না। তারা আমার চাচাতো ভাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে উক্ত হত্যা মামলা বাদী আমার ছোট ভাই সম্প্রতি প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছে।’

আড়াই বছরেও বড় ভাই হাজী মোস্তফা আনোয়ার এনামের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলা। দীর্ঘ আড়াই বছরেও আমার ভাইয়ের হত্যাকারীদের বিচারে তেমন অগ্রগতি নেই। এ সুযোগে হত্যাকারীরা ঔদ্ধত্য দেখাচ্ছে। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুধু আমাদের পরিবার নয়, গোটা এলাকার মানুষ ক্ষুব্ধ ও হতাশ।’

তিনি এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, শনিবার সিলেট প্রেসক্লাব থেকে গণমাধ্যমে প্রেরিত এক ইমেইলে সংবাদ সম্মেলনের এই তথ্য জানানো হয়। উল্লিখিত বিষয়ে সিলেটটুডে টোয়েন্টিফোরের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে অনুসন্ধান এবং কারো কোন বক্তব্য নেওয়া হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত