২৮ ফেব্রুয়ারি , ২০২৪ ১৩:৫৩
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সকাল সাড়ে ১০টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি” বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে আমরা এখন স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। গত ২০২২ সালে প্রধানমন্ত্রী আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়কে ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তথ্য ও প্রযুক্তি সেবা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ক্রেতাগণ এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারেন। তাই বিপণন বাড়াতে উদ্যোক্তাগণকে আরও স্মার্ট হতে হবে। নিজেদের উৎপাদিত পণ্যকে সুন্দর ছবির মাধ্যমে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নবীন উদ্যোক্তা তৈরিতে আমরা এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার সাথে বছরব্যাপী বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকি। এসব প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উদ্যোক্তারা স্বাবলম্বী হয়েছেন।
তিনি বলেন, মানসম্পন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা জরুরী। তাই স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি উদ্যোক্তাদের জন্য অনেক উপকারী হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার উপ-ব্যবস্থাপক মো. সাইফুর রহমান ও প্রশিক্ষক তারুণ কর্মকার, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।
আপনার মন্তব্য