২৪ জুন, ২০২৪ ১২:৩১
দুই দিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। সোমবার (২৪ জুন) সকাল ৮টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতারা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাদেরকে স্বাগত জানান।
বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ অন্যান্য নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ত্রাণ সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। সোমবার বেলা ১১টায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ২৪নং ওয়ার্ড তেররতন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। দুপুর ১২টায় সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৪২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় প্রঙ্গণে ত্রাণ সহায়তা বিতরণ ও দুপুর ১টায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলামে ত্রাণ বিতরণ করবেন তিনি।
সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়, রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।
পরদিন মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্রাণ সহায়তা বিতরণের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউস থেকে যাত্রা করবেন। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের উদ্যোগে সকাল ১০টায় তাহিরপুর সদরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদরের সদরঘাট, ১২টায় মঈনপুর ও সাড়ে ১২টায় রহমতপুরে ত্রাণ বিতরণ করবেন তিনি।
মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল সাড়ে ৩টায় জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ও বিকেল ৫টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি টুল প্লাজা পয়েন্টে ত্রাণ সহায়তা প্রদান করবেন তিনি। এরপর ৫টা ৪৫ মিনিটে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
আপনার মন্তব্য