০৭ জুলাই, ২০২৪ ১৯:৩৭
প্রতীকী ছবি
পাওনা টাকা নিয়ে বিচার করায় আফরোজ মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফরোজ ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
একই ঘটনায় আহত হয়েছেন- নিহতের আরও তিন ভাই। তারা হলেন, আসকির মিয়া (৫০), তাজুল ইসলাম (৩৮) ও নাসির মিয়া (২৭)।
জানা যায়, গেল শুক্রবার (৫ জুলাই) দুপুরে গনকিরপাড় গ্রামের রতন মিয়া স্থানীয় শিরিনা আক্তার নামে এক নারীর দোকান থেকে বাকিতে ২০০ টাকার সদাই করেন। পরদিন বিকেলে পাওনা টাকা চান দোকানদার শিরিনা আক্তার। ওই সময় টাকা পরিশোধ করতে অনীহা প্রকাশ করেন রতন মিয়া। এ নিয়ে শিরিনা ও রতনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিরিনার দোকানে ভাঙচুর চালায় রতন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিহতের ভাই তাজুল মিয়া। তিনি রতনকে চড়-থাপ্পড় দিয়ে শিরিনার টাকা পরিশোধ করতে বলেন। এসময় তাদের মধ্যেও বাকবিতণ্ডা হয়। পরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মুরুব্বিরা বিরোধ নিষ্পত্তি করেন এবং ২০০ টাকা দোকানদার শিরিনাকে দেয়ার সিদ্ধান্ত হয়।
এই ক্ষোভে শনিবার রাতে নিহত আফরোজের ঘরে ঢিল ছুড়ে অভিযুক্ত রতনসহ তার লোকজন। এরপর বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আফরোজ মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
আপনার মন্তব্য