সিলেটটুডে ডেস্ক

০১ নভেম্বর, ২০২৫ ২৩:৩১

সিলেটে ধর্মীয় সম্প্রীতি কমিটি গঠন

সিলেটে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে করণীয়’ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। দি হাঙ্গার প্রজেক্ট-এর সহায়তায় ফোর্ব প্রকল্প’-এর আওতায় প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক তুহিন আফসারী।
এতে সিলেট জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সিলেট জেলায় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় করণীয় ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারি অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সমকালের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ বাবলু।

এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন- বিভাগীয় কমিশনার কার্যালয় জামে মসজিদের ইমাম আলমগীর হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদা, সনাকের সদস্য অ্যাডভোকেট সৈয়াদা শিরিন আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহ্‌ইয়া মারুফ, অ্যাডভোকেট সত্যজিৎ, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, ফিলিপ সমাদ্দার, সহ আরও অনেকে। সকল অংশগ্রহণকারী সিলেট জেলায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত