০৩ নভেম্বর, ২০২৫ ০০:০৮
ফাইল ছবি
সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো সারাদেশের ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “সড়ক যোদ্ধা (রোড ফাইটার)” উপাধিতে ভূষিত করেছে।
এই সম্মানজনক তালিকায় স্থান পেয়েছেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। তাঁর এই অর্জন বড়লেখাবাসীর জন্য গৌরবের বিষয়।
এছাড়াও, সারাদেশে নিসচা’র ১২০টি শাখার মধ্যে কর্মমূল্যায়নের ভিত্তিতে ৩০টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ‘A’ ক্যাটাগরিতে নিসচা বড়লেখা উপজেলা শাখা জায়গা করে নিয়েছে, যা সংগঠনটির কার্যক্রমে বড়লেখার সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্জনের অনুভূতি ব্যক্ত করে তাহমীদ ইশাদ রিপন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি বড়লেখা নিসচা পরিবারের প্রতিটি কর্মীর পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফসল। সহযোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় আমরা আজ এই মর্যাদা অর্জন করতে পেরেছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে ‘সড়ক যোদ্ধা’ উপাধিতে ভূষিত হওয়ায় আমি গভীরভাবে সম্মানিত। বিশেষ কৃতজ্ঞতা জানাই নিসচা পরিবারের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় মহোদয়, ভাইস চেয়ারম্যান, মহাসচিব এবং সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি।”
উল্লেখ্য, নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। তাঁর নেতৃত্বে সারাদেশের শাখাসমূহ আরও সক্রিয়ভাবে কাজ করছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। এসময় তিনি “সড়ক যোদ্ধা” উপাধিপ্রাপ্ত তাহমীদ ইশাদ রিপনসহ আরও ৮ জন নেতার নাম ঘোষণা করেন এবং সেরা ৩০টি শাখার তালিকা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিসচা’র প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ, সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক এড. তৌফিক আহসান টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া, এবং ব্র্যাকের রোড সেইফটি প্রোগ্রাম ম্যানেজার এম. খালিদ মাহমুদ প্রমুখ।
আপনার মন্তব্য