১৩ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:১৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। চারটির মধ্যে দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। এ আসনে মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোটের ব্যবধানে জয় পান।
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৬১০ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১৯ হাজার ৮৮২ ভোট।
এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষ প্রতীকে মো. শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে এম নাসের রহমান বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৭৫টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে এম নাসের রহমান (বিএনপি) ১ লাখ ৫৪ হাজার ৫৪৫টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাড়িপাল্লা প্রতিকের ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া এবং চারটি আসনেই বিএনপির জয় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য