নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১

সিলেটের শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের শিল্পী তারেক আমিন (রুহুল আমিন তারেক) যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেয়েছেন।

চলতি বছরের জুনে তিনি এ ভিসা পান। ইউকে গ্লোবাল ট্যালেন্ট ভিসা শিল্প ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে তারকা বা উদীয়মান তারকাদের প্রদান করা হয়।

শিল্প ও সংস্কৃতি বিভাগের আবেদনকারীদের তাদের পেশাগত কাজ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং নিজ ক্ষেত্রে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

শিল্পী তারেক আমিনের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জে। বাংলাদেশের সমকালীন প্রিন্টমেকিং শিল্পের তিনি একজন স্বতন্ত্র শিল্পসত্তা। রেখা, মানুষ, স্মৃতি, অস্তিত্ব ও অনুভূতির গভীরে প্রবেশ করে তাঁর শিল্পচর্চা তৈরি করেছে নিজস্ব একটি ভাষা।

দীর্ঘ শিল্পজীবনে তিনি অর্জন করেছেন একাধিক জাতীয় পুরস্কার। পরপর দুই বছর ২১তম ও ২২তম জাতীয় পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তারেক অংশ নিয়েছেন বাংলাদেশ, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনীতে।

২০২৫ সালে লন্ডন ও বার্মিংহামে তাঁর একাধিক প্রদর্শনী এবং দক্ষিণ কোরিয়ার আর্ট উৎসবে অংশগ্রহণ তাঁর শিল্পচর্চাকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান করে। এছাড়া তার শিল্পকর্ম যুক্তরাজ্য, জাপান, ভুটান, ভারত, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশেও প্রদর্শিত হয়েছে।

Woodcut ও Pencil Sketch-এর মতো মাধ্যমকে অবলম্বন করে তিনি রেখাকে করে তুলেছেন অনুভূতি প্রকাশের শক্তিশালী ভাষা।

গ্লোবাল ভিসা প্রাপ্তির অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কালনী আর্ট স্টুডিও একটি পুনর্মিলনী ও শিল্পোদ্যোগের আয়োজন করছে।

আপনার মন্তব্য

আলোচিত